ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের উদ্যোগে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বিকেএসপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।

সোমবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহম্মদপুর এবং দুধসর-চাঁদপুর আবাসন এলাকার দুটি সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল জমির অবস্থান, আয়তন, যোগাযোগব্যবস্থা, পরিবেশ, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা পর্যবেক্ষণ করেন। প্রাথমিক মূল্যায়নে দুটি স্থানই বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের জন্য উপযোগী বলে মত দেন তারা।

এ সময় স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা রাজধানীমুখী না হয়েই আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

পরিদর্শন শেষে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে দুটি স্থানই সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হয়েছে। পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সরকারের চূড়ান্ত অনুমোদন ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুততম সময়ে আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দীর্ঘদিন ধরে ঝিনাইদহে বিকেএসপির একটি আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের দাবি জানিয়ে আসছেন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু ঝিনাইদহ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের ক্রীড়া উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights