টঙ্গীতে অবৈধ হাসপাতালে র‍্যাবের অভিযান, জরিমানা

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চারটি অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃতে আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর পৌঁনে দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এসময় টঙ্গী স্টেশন রোড এলাকায় যত্রতত্রভাবে গড়ে ওঠা মাইশা জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা, সেবা শুশ্রূষা হাসপাতালকে পঞ্চাশ হাজার, ফাতেমা জেনারেল হাসপাতালকে আশি হাজার, নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় গাজীপুরের সহকরী সিভিল সার্জন ডা. এফ এম আহসানউল্লাহ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান তলানিতে। অসাধু ব্যবসায়ীরা টঙ্গীতে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এ ব‍্যাপারে র‌্যাব–১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি ২) মেজর আহনাফ এর সাথে যোগাযোগ করলে জরিমানা আদায়ের বিষয়টি তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights