টঙ্গীতে দ্বিতীয় ধাপের ইজতেমা কাল শুরু
টঙ্গী প্রতিনিধি
টঙ্গীর তুরাগ নদের তীরে সোমবার শুরু হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপে ২২ জেলার মুসল্লিরা অংশ নেবেন। এরপর ৬ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন প্রথম পর্বের আয়োজক কমিটি শুরায়ে নেজাম কর্তৃপক্ষ। পরে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা রয়েছে।
দ্বিতীয় ধাপের জন্য ময়দান প্রস্তুত রয়েছে। মুসল্লিরা ময়দানে প্রবেশ করে নিজ নিজ খিত্তায় অবস্থান করবেন। রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, প্রথম পর্বের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। কাল সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আয়োজন। এ উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তায় প্রথম ধাপের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি দ্বিতীয় ধাপও সফলভাবে সম্পন্ন হবে।
আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুরায়ে নেজামের তত্ত্বাবধানে প্রথম ধাপের আখেরি মোনাজাতের পর কাল সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আয়োজন। প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, দ্বিতীয় ধাপও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
