টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে দুই দিনব্যাপী ব্যতিক্রমী বুটক্যাম্প সমাপ্ত

অনলাইন ডেস্ক

আইনের সংঘাতে আসা শিশুদের জীবন দক্ষতা উন্নয়নে সমাজসেবা অধিদফতরের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ আয়োজিত দুই দিনব্যাপী জীবনদক্ষতা উন্নয়ন বুটক্যাম্পে এ ঘোষণা দেন সংস্থাটির ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বুটক্যাম্পে কেন্দ্রের ৬৭১ জন নিবাসী অংশ নেয়।

প্রথমবারের মতো আয়োজিত এ বুটক্যাম্পে জীবনদক্ষতার ১১টি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি সেশন ছিল ২৫ মিনিটের, যেখানে শিশুরা পর্যায়ক্রমে ১১টি ক্যাম্পে অংশ নেয়।

মঙ্গলবার সকালে বুটক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মানস বিশ্বাস।

সভাপতির বক্তব্যে সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখার পরিচালক সমীর মল্লিক শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিতে এমন উদ্যোগকে স্বাগত জানান এবং পর্যায়ক্রমে অন্যান্য শিশু সুরক্ষামূলক প্রতিষ্ঠানেও এ ধরনের ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। বিকেলে কুইজ প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে বুটক্যাম্পের সমাপ্তি হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কেন্দ্রের কর্মকর্তারা জানান, ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটি স্থাপনের পর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights