‘টমি’কে পিটিয়ে হত্যা, মাকে হারিয়ে দিকবিদিক ছুটছে ৬ কুকুরছানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এক মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটলেও আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ছানাসহ কুকুরটিকে লালন-পালন করতেন ওই গ্রামের নাসরিন নাহার নামে এক গৃহিণী।
নাসরিন নাহার অভিযোগ করেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তিনি কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করে আসছিলেন। ভালোবেসে তার নাম রেখেছিলেন ‘টমি’। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অভিযোগ তুলে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে পরে মাটিচাপা দেন।
ঘটনা জানতে গেলে নাসরিনের মেয়ে ইলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন দিকবিদিক ছুটছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মকরুফ বিল্লাহ খান বলেন, একটি অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
