টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ওই ছাত্রী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এমন অভিযোগ ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও হারিনাতলী গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে মো. সিফাতের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার ও স্বজদের মধ্যে চরম উদ্ধিগ্ন দেখা দিয়েছে। এলাকায় আলোচনা-সামলোচনা শুরু হলে ওই ছাত্রীর মা ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

ওই ছাত্রীর মা ও পরিবারের লোকজন জানায়, পাইস্কা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে তাদের মেয়ে। হারিনাতলী গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে মো. সিফাত বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। সে রাজি না হলে গত ২৭ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সিফাত। বিষয়টি সিফাতের পরিবারের লোকজনকে জানানো হলে তারা কোনো গুরুত্ব দেয়নি। এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা দেখা দেয়। এদিকে, এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি থেকে অব্যাহতির দাবিও তুলে একালাবাসী।
ওই ছাত্রীর মা জানান, ‘‘অপহরণের পর দিন এ ব্যাপারে ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছি। আমাদের মেয়েকে সিফাত অপহরণ করেছে।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলাইমান হোসেন বলেন, এ বিষয়ে কিছু জানি না। তবে ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানের ছেলে কিছুদিন আগে বিয়ে করেছে এমন খবর শোনা যাচ্ছে।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, আমার ছেলে ঢাকা একটি গার্মেন্টসে চাকরি করে। বিয়ের বিষয়টি জানি না।

ধনবাড়ী থানার ওসি তদন্ত ইদ্রিস আলী বলেন, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights