টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি:
ঈদের পরের দিনে টাঙ্গাইলে দুইটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে “বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬” এবং পুলিশ লাইন মাঠ প্রাঙ্গণে “পুলিশ লাইন ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ফুটবলের মতো জনপ্রিয় খেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এসময় কেন্দ্রীয় বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুল হক প্রিন্স, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।
