টেকনাফে জনতার হাতে অস্ত্রসহ ডাকাত আটক
আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনা এলাকা থেকে অপহরণ করতে আসা এক ডাকাত সদস্যকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা।
আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার বশির আহমেদ।
আটক ডাকাত টেকনাফের হোয়াইক্যং ৯নং ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (৪৫)।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বশির আহমেদ বলেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) হ্নীলা পানখালি মুলা ক্ষেতে কাজ করার সময় আবুল হাশেম (৬০) নামে কৃষককে পাহাড়ি ডাকাতদল অপহরণ করেন। অপহৃত ওই কৃষককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনার পরে আজ বুধবার বেলা ১১ টার দিকে আবারও একই ডাকাত দলের সদস্যরা পাহাড় থেকে নেমে এসে হ্নীলা মরিচ্যাঘোনা পানের বরজ ও মুলা ক্ষেতে কাজে থাকা কৃষকদের অপহরণের চেষ্টা করলে স্থানীয়রা ঘেরাও করে অস্ত্রসহ ওই ডাকাতকে আটক করে। এসময় তার সঙ্গে আসা ডাকাত দলের অন্য সদস্যরা আবার পাহাড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলা মরিচ্যাঘোনায় জনতার হাতে আটক ডাকাত জাকির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
