ট্যাংক লরি চালকের সাহসিকতায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা ফিলিং স্টেশন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের গৌরনদীতে ট্যাংক লরি চালকের সাহসিকতা ও দক্ষতায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশন।
রবিবারবিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, বরিশাল নগরীর মেঘনা ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংক লরি ফিলিং স্টেশনে আসে। লরি থেকে তেল খালাসের সময় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় চালক তাৎক্ষণিকভাবে বুদ্ধিমত্তার সঙ্গে লরিটি স্টেশন এলাকা থেকে সরিয়ে সড়কে নিয়ে যান, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনায় লরির বাইরের অংশ, ফিলিং স্টেশনের সামনে থাকা একটি থ্রি-হুইলার এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়। আরও একটি মোটরসাইকেলের আংশিক ক্ষতি হয়েছে। তবে ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংক বা লরিতে থাকা জ্বালানি তেলের কোনো ক্ষতি হয়নি।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, তেল খালাসের সময় স্পার্কিংয়ের কারণে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, লরিটির তিনটি চেম্বারে প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল ছিল। এর মধ্যে একটি চেম্বারে আগুন লাগলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে।
