ট্রলারসহ ৭ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ রোহিঙ্গা ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

ট্রলারটি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আব্দুল মোনাফের ছেলে উমর ছিদ্দিকের মালিকানাধীন। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া নামক নাফ নদীর মোহনা থেকে এ ঘটনাটি ঘটে।

ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানান, সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ট্রলারটিকে ধাওয়া করে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা জেলেদের মিয়ানমারের ফাতংজা খালে নিয়ে যায়। ধাওয়ার সময় ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “গত কয়েকদিন ধরে আরাকান আর্মি বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

গত ২০ দিনে এ নিয়ে ৪০ জন জেলে আরাকান আর্মির কবলে পড়ল। রোববার (২৪ আগস্ট) দুটি ট্রলারসহ ১৪ জেলে, শনিবার (২৩ আগস্ট) একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট একটি ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলে ধরে নিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights