ট্রাম্প কি নিজ দেশের সেনাদেরই বিপদে ফেলছেন, কংগ্রেসে তুমুল প্রশ্ন

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সেনাদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, কংগ্রেস বর্তমানে দুই সপ্তাহের ছুটিতে থাকায় অধিবেশন চলছে না। তবে পরিস্থিতি বিবেচনায় দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা।

হাউজ ডেমোক্র্যাটিক লিডার হাকিম জেফ্রিসসহ অন্যান্য সদস্য এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, তার বক্তব্য ও পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং একটি বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে এক ডজনের বেশি সেনা নিহত এবং অনেকে আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ‘সভ্যতার মৃত্যু’ নিয়ে মন্তব্য করেন, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তারা পাল্টা জবাব দেবে। এমনকি এই অঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights