ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক, বরফ গলল কি?

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধ অবসানের কোনো সুস্পষ্ট লক্ষণ নেই, মধ্যপ্রাচ্যে উত্তেজনাও অব্যাহত; এর মধ্যেই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে অনুষ্ঠিত এই দীর্ঘ ৯০ মিনিটের বৈঠককে নেতানিয়াহু তার অন্যতম সেরা আলোচনা হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ইতিবাচক মন্তব্য করে বৈঠকটিকে ফলপ্রসূ বলে আখ্যা দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই নেতা মুখোমুখি আলোচনায় বসলেন।

সাংবাদিকদের সম্পূর্ণ বাইরে রেখে আয়োজিত এই হাই-প্রোফাইল বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু স্থাপনা এবং যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এক ধরনের মানসিক দূরত্বের খবর চাউর হয়েছিল, তবে বৈঠক শেষে নেতানিয়াহু সেসব গুঞ্জন উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানান, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সেই লক্ষ্য অর্জনে ওয়াশিংটন ও তেল আবিব পুরোপুরি একমত রয়েছে।

বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে অত্যন্ত ভালো কথা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পরমাণু কেন্দ্র কিংবা গাজা থেকে সেনা প্রত্যাহারের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে ওয়াশিংটনের তরফ থেকে কোনো সরাসরি চাপ প্রয়োগ করা হয়নি। তবে পুনর্নির্মাণ কাজ শুরুর আগে গাজাকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করার বিষয়ে জোর দিয়েছে ইসরায়েল।

বৈঠক শেষ করে উভয় নেতাই প্রয়াত মার্কিন সেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় ক্যাথেড্রালের উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে, দুই নেতার এই বৈঠক চলাকালেই হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিন সমর্থক এবং বিভিন্ন ইসরায়েলি শান্তিপ্রিয় জোট পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights