ট্রাম্প বলছেন আলোচনা, ইরান করছে অস্বীকার, আসলে কী হচ্ছে?

অনলাইন ডেস্ক

ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই ‘আলোচনা’ ইস্যু ঘিরে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ফলপ্রসূ আলোচনার দাবি করছেন, সেখানে তেহরান তা সরাসরি অস্বীকার করছে। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই বিপরীতমুখী অবস্থান শুধু কূটনৈতিক বিভ্রান্তি নয়, বরং চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশ হতে পারে।

ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার মতে, তেলের বাজার প্রভাবিত করা এবং সামরিক চাপ থেকে বের হওয়ার কৌশল হিসেবে ভুয়া বার্তা ছড়ানো হচ্ছে।

অন্যদিকে ট্রাম্প এমন সময়ে আলোচনার দাবি তুলেছেন, যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে। গত সপ্তাহে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১২০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, এই সময় আলোচনার বার্তা দেওয়া বাজারকে স্থিতিশীল রাখার একটি কৌশল হতে পারে। বিপরীতে, ইরানের অস্বীকার বাজারে অনিশ্চয়তা ধরে রাখে, যা বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করে।

আলোচনা প্রসঙ্গটি ওয়াশিংটনের জন্য বহুমাত্রিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে। এতে সম্ভাব্য সামরিক অভিযানের আগে সময় নেওয়া, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের সুযোগ তৈরি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ কমানোর বিষয়গুলো যুক্ত থাকতে পারে।

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়াচ্ছে।

বর্তমান বাস্তবতায় ট্রাম্পের সামনে দুটি পথ রয়েছে। একদিকে যুদ্ধ দীর্ঘায়িত করা, অন্যদিকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। প্রথমটিতে সামরিক অবস্থান শক্তিশালী থাকলেও অর্থনৈতিক চাপ বাড়বে, আর দ্বিতীয়টিতে সমালোচনার ঝুঁকি রয়েছে।

ইরানের দৃষ্টিকোণ থেকেও পরিস্থিতি জটিল। দেশটি মনে করছে, এই সংঘাত যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে তাদের ভেতরে কট্টর ও মধ্যপন্থি—দুই ধরনের অবস্থান সক্রিয় রয়েছে।

বিশ্লেষণে বলা হয়েছে, যদি ইরান হরমুজ প্রণালীতে প্রভাব ধরে রাখা বা ভবিষ্যৎ হামলা ঠেকানোর নিশ্চয়তা পায়, তাহলে আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কোনো সরাসরি আলোচনা চলছে কিনা। বিশ্লেষকদের মতে, এই ধরনের সংঘাতে প্রকাশ্য বক্তব্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামরিক তৎপরতা, অর্থনৈতিক সংকেত এবং কূটনৈতিক আচরণ।

সবশেষে বলা হচ্ছে, ‘আলোচনা’ এখন শুধু বাস্তবতা নয়, বরং একটি কৌশলগত হাতিয়ার। উভয় পক্ষই নিজেদের স্বার্থ অনুযায়ী ভিন্ন বয়ান দিচ্ছে। ফলে প্রশ্নটি এখন কে সত্য বলছে তা নয়, বরং কোন বয়ানের পেছনে কী উদ্দেশ্য রয়েছে সেটিই হয়ে উঠেছে মূল বিষয়।

সূত্রঃ আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights