ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা

বিশ্বের সব দেশের রপ্তানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বাংলাদেশ, চীন, ভারত, ভিয়েতনাম, জাপানসহ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। মূলত, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করেছিল, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

তবে এই শুল্ক আরোপের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। বিভিন্ন পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অর্থনীতি বিষয়ক বিশ্লেষক সংস্থা রোসেনব্লাট সিকিউরিটিজ জানিয়েছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড অ্যাপল যদি শুল্ক বৃদ্ধির প্রভাব সরাসরি গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়, তাহলে একটি লেটেস্ট মডেলের আইফোনের দাম বেড়ে ২,৩০০ ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ টাকা!

শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, “কেউ যেন যুক্তরাষ্ট্রে নতুন করে বিনিয়োগ না করে।”

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “কানাডা-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আর কোনোদিন আগের মতো হবে না।” কানাডার সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মার্ক কার্নি বলেন, “মুক্ত অর্থনীতিতে যুক্তরাষ্ট্র এতদিন শীর্ষস্থান দখল করে রেখেছিল, কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে সরে আসছে।”

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী ২০২৫ সালের শেষ নাগাদ অর্থনৈতিক মন্দার সম্ভাবনা ৪০ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে পৌঁছেছে, বলে জানিয়েছে বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান।

ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরোপের মাধ্যমে তিনি অন্যান্য দেশগুলোকে আলোচনায় আসতে বাধ্য করতে চান। তবে হোয়াইট হাউস জানিয়েছে, “শুল্ক আরোপের সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই।” এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যেই ভিন্নমত দেখা যাচ্ছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights