ট্রাম্পের হুমকির জবাবে যা বলল ইরান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘ব্যর্থ নীতির ধারাবাহিকতা’ বলে খারিজ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ হিতে বিপরীত হবে এবং এর ফলে যুক্তরাষ্ট্রকে আরও বড় পরাজয়ের মুখে পড়তে হবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ‘অর্থনৈতিক যুদ্ধ’ ও একঘরে করার ঘোষণা দেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব দেশ বা আর্থিক প্রতিষ্ঠান ইরানকে কোনো ধরনের সহায়তা বা ‘লাইফলাইন’ দেবে, তাদেরও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

এর জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মার্কিন প্রশাসনের এই তথাকথিত হুমকি মূলত তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে মানুষের নজর ঘোরানোর একটি কৌশল মাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ কেবল ইরান নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাতের পর এপ্রিলে একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। তবে কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তেল অবরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের চাপ সৃষ্টি করে তাদের নিজস্ব অবস্থান থেকে একচুলও টলানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights