ট্রাম্পের হুমকির নিন্দা জানাল কানাডা

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে নির্মাণাধীন গর্ড হাওয়াই আন্তর্জাতিক সেতুর উদ্বোধন স্থগিত রাখার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কানাডার রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।

সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প এই হুমকি দেওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উইন্ডসর ও ডেট্রয়েটকে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এটি উত্তর আমেরিকার অটোমোবাইল শিল্প ও দ্বিপাক্ষিক বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত।

ট্রাম্পের অভিযোগ, কানাডা এই সেতু নির্মাণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় আচরণ করেছে এবং এতে মার্কিন সামগ্রীর ব্যবহার নেই বললেই চলে। তিনি দাবি করেছেন, এই সেতুর অন্তত অর্ধেক মালিকানা যুক্তরাষ্ট্রের থাকা উচিত এবং যুক্তরাষ্ট্রকে পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তিনি এটি চালু করতে দেবেন না। ট্রাম্পের এমন দাবিকে ‘পাগলামি’ হিসেবে অভিহিত করেছেন উইন্ডসরের মেয়র ড্রু ডিলকেনস। তিনি বলেন, ট্রাম্প কেবল কানাডার নয়, বরং নিজের দেশের স্বার্থকেও বাধাগ্রস্ত করছেন। ডিলকেনস আরও স্পষ্ট করেন যে, সেতুর মার্কিন অংশে আমেরিকান ইস্পাত ব্যবহার করা হয়েছে, যা ট্রাম্পের দাবিকে মিথ্যা প্রমাণ করে।

অন্যদিকে কানাডার ফেডারেল চেম্বার অব কমার্সের প্রধান ক্যান্ডাস লেং এই পদক্ষেপকে আত্মঘাতী বলে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রায় ৬৪০ কোটি কানাডীয় ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি দুই দেশের অর্থনীতির জন্য অপরিহার্য। কানাডা সরকার এই বিশাল বিনিয়োগ করেছে এবং টোলের মাধ্যমে এই অর্থ তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যার একটি অংশ পরবর্তীতে মিশিগান অঙ্গরাজ্যকেও দেওয়া হবে। মজার বিষয় হলো, নিজের প্রথম মেয়াদে ট্রাম্প এই সেতুটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ হিসেবে প্রশংসা করেছিলেন। অথচ এখন তিনি নিজেই এর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন।

সূত্র: সিজিটিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights