‘ট্রু প্রোমিজ’ অভিযান: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ইরানের

অনলাইন ডেস্ক
ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার (১৪ এপ্রিল) গভীর রাতে সরাসরি ইসরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও ইরানের এই বাহিনী উল্লেখ করেছে।
ইরানের একটি সূত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেছেন, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার কথা জানিয়েছেন। ওই সব ড্রোন ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরান তাদের সীমান্ত থেকে ইসরায়েলের দিকে ইউএভি (আনম্যান্ড এরিয়েল ভেহিকল) নিক্ষেপ করেছে। আইডিএফ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights