ট্রোলের জবাব দিতে বিগ বসের মঞ্চে নিজের ‘টি-শার্ট’ খুললেন সালমান

অনলাইন ডেস্ক
‘অসুস্থ’, ‘বুড়িয়ে গেছেন’, ‘আগের মতো ফিট নন’-সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই এমন নানা মন্তব্যের মুখে পড়ছেন বলিউড তারকা সালমান খান। এবার আর নীরব থাকলেন না অভিনেতা। ‘বিগ বস’-এর মঞ্চে দাঁড়িয়েই ট্রোলকারীদের সরাসরি জবাব দিলেন তিনি।

শনিবার ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে নিজের চেহারা ও শরীর নিয়ে করা কটাক্ষের প্রসঙ্গ ওঠে। তখন ক্ষোভ প্রকাশ করে সালমান বলেন, অন্যের চেহারা নিয়ে মন্তব্য করার আগে নিজের চেহারার দিকে তাকানো উচিত।

কথার জবাব শুধু কথায় দেননি অভিনেতা। মঞ্চেই টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে নিজের শরীর দেখান তিনি। এমনকি মেকআপও তুলে ফেলেন। এরপর ট্রোলকারীদের উদ্দেশে বলেন, সামনে থেকে তাকে দেখার পর যেন মন্তব্য করা হয়।

সালমান আরও বলেন, অন্যের চেহারা নিয়ে মজা করার আগে নিজের ও বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। তার ভাষায়, বয়স এখন ৬০। তাই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সময়কার মতো চেহারা থাকবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়।

অভিনেতার এমন বক্তব্যে ‘বিগ বস’-এর ঘরে থাকা প্রতিযোগীরা হাততালি দিয়ে তাকে সমর্থন জানান।

তবে শুধু নিজের ট্রোলিং নিয়েই থামেননি সালমান। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারা নিয়েও যারা কটাক্ষ করেছেন, তাদেরও সমালোচনা করেন তিনি। বিশেষ করে সন্তান জন্মের পর কোনো নারীর ওজন কিছুটা বেড়ে গেলে তা নিয়ে বিদ্রুপ না করার আহ্বান জানান অভিনেতা।

সালমান বলেন, সন্তান জন্মের পর একজন মা তার পরিবার ও সন্তানকে সময় দেন। পরে কাজে ফিরলে নিজের মতো করে আবার শরীরচর্চা ও ফিটনেসে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। তাই এ ধরনের স্বাভাবিক পরিবর্তন নিয়ে কাউকে কটাক্ষ করা উচিত নয়।

এদিকে এদিন ‘বিগ বস’-এর ঘরের প্রতিযোগীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সালমান। গালাগাল, কুরুচিকর আচরণ ও নিয়ম ভাঙার ঘটনায় তাদের সতর্ক করেন তিনি।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights