ঠাকুরগাঁওয়ে জমি চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রংপুর
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলু মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলু মিয়া ওই গ্রামের মহশিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজ করার একপর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাচনা হরিন্দা গ্রামে জমি চাষের সময় বজ্রপাতে ফজলু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছে।
