ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের ডিসি পার্ক এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। একইসঙ্গে জেলার প্রতিটি ইউনিয়নেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, উপজেলা নির্বাচন কর্মকর্তা খাইরুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, চলতি বছরে প্রায় ৭ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রায় ২ লাখ গাছ রোপণের প্রস্তুতি নেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) যুক্ত হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আগামী জুলাই-আগস্টের মধ্যেই এই কর্মসূচির কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
