ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক
প্রায় ২১ কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত তারা। তাদেরই এক নতুন প্রজাতির জীবাশ্ম এবার পাওয়া গেল জিম্বাবুয়ের কারিবা হ্রদের তীরে। এই আবিষ্কার ডাইনোসরের আদি বিবর্তনের অজানা রহস্য সামনে এনেছে।
‘জার্নাল অব সিস্টেমেটিক প্যালিওন্টোলজি’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘মুসাঙ্গো মাতুসাদোনায়েনসিস’ নামের এই নতুন প্রজাতিটি লেট ট্রায়াসিক যুগে উত্তর জিম্বাবুয়েতে বাস করত। সেসময় ডাইনোসররা ধীরে ধীরে আকারে বড় ও বৈচিত্র্যময় হয়ে আধিপত্য বিস্তার করছিল। ২০১৮ সালে স্পারউইং দ্বীপে যৌথ খননকালে গবেষকরা এর পেছনের পা, ঊরু, শিন ও গোড়ালির হাড় আবিষ্কার করেন।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের অধ্যাপক পল ব্যারেট জানান, হ্রদের তীরে হাঁটার সময় তিনি মাটি ফুঁড়ে বেরিয়ে থাকা হাড়গুলো দেখতে পান। নিজের আবিষ্কৃত কোনো ডাইনোসরের বর্ণনা তিনি এবারই প্রথম দিলেন। কোমরের কাছে ৫ ফুট উঁচু এবং ৩৯০ কেজি ওজনের ডাইনোসরটি মূলত ‘সরোপোডোমর্ফ’ শ্রেণির, যারা পরবর্তীতে বিশাল লম্বা গলার ডাইনোসরে বিবর্তিত হয়েছিল।
গবেষক দলের ভাসমান গবেষণাগার ‘হাউসবোট মুসাঙ্কোওয়া’ এবং স্থানীয় সানিয়াতি নদীর নামানুসারে প্রাণীটির নামকরণ করা হয়। আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া প্রজাতির সঙ্গে এর মিল প্রমাণ করে যে, আদি ডাইনোসররা সংযুক্ত ভূখণ্ড দিয়ে ছড়িয়ে পড়েছিল। সহ-গবেষক ড. কিম্বারলি চ্যাপেল জানান, অন্যান্য অঞ্চলের তুলনায় আফ্রিকায় জীবাশ্ম অনুসন্ধান কম হয়েছে। তবে এই যুগান্তকারী আবিষ্কার প্রমাণ করে, সেখানে আরও অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে।
