ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের নিয়ে সভা করবে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে শিক্ষার্থীদের নিয়ে সভা আয়োজন করবে নির্বাচন কমিশন। ভোটারদের ভোটদানের প্রক্রিয়া সহজভাবে বোঝানো এবং ভোট গ্রহণ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। এ সময় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী ও অধ্যাপক এস এম শামীম রেজা উপস্থিত ছিলেন।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভোটাররা কীভাবে ভোট প্রদান করবেন, তা বোঝাতে হল ও অনুষদভিত্তিক চারটি সভা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ভোটদানের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই না কোনো শিক্ষার্থী অযথা লাইনে দাঁড়িয়ে থাকুক বা বুথে সময় নষ্ট করুক। এতে ভোট গ্রহণ ব্যাহত হবে। তাই সবাইকে অনুরোধ, নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিয়ে অন্যদের সুযোগ করে দিতে।

প্রার্থীদের সরে দাঁড়ানো প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীরা স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন, তবে ব্যালট পেপার ইতিমধ্যে ছাপা হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আর সুযোগ নেই।

এদিকে নির্বাচনী আচরণবিধি–সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রাব্বানী জানান, অনলাইনে বুলিংয়ের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে একটি পেজের অ্যাডমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ‘শিক্ষার্থীর সংসদ দুই’ নামের পেজটি বন্ধ হয়ে গেছে। যদি সেটি সক্রিয় থাকে, তবে অ্যাডমিনকে ডেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights