ডাসারে চা বিক্রেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার (৬০) নামক এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত. আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, মো. আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে চায়ের দোকান খোলেন।তিনি রাত ১০টা পর্যন্ত চা বিক্রি করেন দোকানে। শুক্রবার দোকান বন্ধ করে রাতে বাড়ী ফিরেননি তিনি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ী থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। তবে স্বজনের দাবি, তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, ‘আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ডাসার কাঁঠালতলা বাজারে দোকান করে মো. আজিজ হাওলাদার। বাড়ীর পাশের রাস্তা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights