ডাহা মিথ্যা বলছে আমেরিকা, দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী কোনও বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচল করেনি।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে- দুটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে- তা ‘ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা’।

ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, “গত কয়েক ঘণ্টায় কোনও বাণিজ্যিক জাহাজ বা ট্যাংকার এই জলপথ অতিক্রম করেনি। মাকির্ন কর্মকর্তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।”
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, তাদের সহায়তায় দুটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি করেছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায়, এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে এই প্রণালী এখন ভূরাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights