ডিউটিতে গেম খেলা: কুষ্টিয়ার সেই চিকিৎসকের বিরুদ্ধে প্রমাণ পেল দুদক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখার সময় মোবাইলে গেম খেলার ঘটনায় ভাইরাল হওয়া চিকিৎসক সামরিন সুলতানার বিরুদ্ধে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার বেলা ১১টায় দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম হাসপাতালে অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টা তথ্য-প্রমাণ পর্যালোচনা করে দুদক সামরিন সুলতানার বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নেওয়া, কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং নিয়মিত সময়ের পরে উপস্থিত থাকার প্রমাণ সংগ্রহ করেছে। এছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সেবিকাদেরও নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়টি নজরে এসেছে।

গত মঙ্গলবার বহির্বিভাগের ১১৯ নম্বর কক্ষে সামরিন সুলতানা রোগী দেখার সময় মোবাইলে গেম খেলছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রোগী জিজ্ঞেস করলে তিনি বলেন, সমস্যা কি, আমি গেমও খেলছি, আপনার রোগীও দেখছি।

দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, সামরিন সুলতানার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে। যোগদানের পর ছুটি ব্যতীত ১৭ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার, সকাল সাড়ে ৮টার বদলে প্রায় ১০টায় উপস্থিত থাকার প্রমাণ মিলেছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাবও তিনি দেননি। বিষয়গুলো পরিচালককে জানানো হয়েছে এবং রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক ডা. আনোয়ারুল কবির বলেন, ওই চিকিৎসককে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে তিনি জবাব দেননি। সবকেই সতর্ক করা হয়েছে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য।

কর্মস্থলে অনুপস্থিত থাকা ও মোবাইল বন্ধ রাখার কারণে সামরিন সুলতানাকে পাওয়া যায়নি। বিষয়টি হাসপাতালের শীর্ষ প্রশাসন নজরে রাখছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights