ডিমের ন্যায্য মূল্যসহ ৫ দাবিতে ঈশ্বরদীতে পোল্ট্রি খামারিদের সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি

ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন, সড়ক অবরোধ এবং ডিম ভেঙে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মুলাডুলি বাজার এলাকায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অর্ধশতাধিক প্রান্তিক খামারি অংশ নেন।

প্রতিবাদ কর্মসূচিতে খামারিরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রাস্তায় ডিম ভেঙে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী খামারিদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘ডিমের সঠিক দাম চাই, ন্যায্য অধিকার চাই’, ‘খাদ্যের দাম কমাও, খামারিদের বাঁচাও’ এবং ‘আমদানি নয়, দেশীয় খামার বাঁচাও’।

খামারিদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, করপোরেট কোম্পানির একচেটিয়া ব্যবসা বন্ধ করে প্রান্তিক খামারিদের স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, পোল্ট্রি খাদ্যের দাম কমানো, ভেটেরিনারি ওষুধের ওপর শুল্ক কমিয়ে বাজারমূল্য হ্রাস এবং করপোরেট সিন্ডিকেট ভেঙে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের ব্যবসায়িক অগ্রাধিকার নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights