ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকছে সঞ্চয় স্কিমের সুদের হার

অনলাইন ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফলে চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।

সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পরে তা দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদে যে সুদের হার ও শর্তাবলি বলবৎ ছিল, তা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এ আদেশ ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত রাখার ফলে নতুন বিনিয়োগকারী এবং যেসব গ্রাহক নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র কিনবেন, তারা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন। একই সঙ্গে বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।

জাতীয় সঞ্চয় স্কিম সরকারের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। একই সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যক্তি, মধ্যবিত্ত, প্রবাসী, নারী এবং ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য এটি দীর্ঘদিন ধরে নিরাপদ বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights