ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
গবেষণা প্রকল্পের ফলাফল, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। স্বাগত বক্তব্য দেন দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার।

উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের মধ্য দিয়েই দেশের শিল্প, অর্থনীতি ও সমাজে কার্যকর অবদান রাখা সম্ভব। তিনি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অধিকতর গবেষণা প্রকাশনা, পেটেন্ট অর্জন এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ডুয়েটে গবেষণাকেন্দ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‌্যাংকিং ও প্রকাশনা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা খাতে আর্থিক বরাদ্দ বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প পরিচালকরা তাঁদের গবেষণার লক্ষ্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ অনুসন্ধান, অর্জিত ফলাফল এবং সম্ভাব্য প্রয়োগ বিষয়ে উপস্থাপনা করেন। প্রতিটি উপস্থাপনার পর প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আন্তঃবিভাগীয় সহযোগিতা বৃদ্ধি এবং গবেষণালব্ধ ফলাফলের বাস্তব প্রয়োগ নিয়ে মতামত দেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে গবেষণা প্রকল্পের পরিচালক ও সংশ্লিষ্ট গবেষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধান, গবেষণা প্রকল্প পরিচালক, সহযোগী প্রকল্প পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights