ডুয়েটে স্মার্ট বাংলাদেশ দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে গাজীপুরস্থ এ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার (অ. দা.), অফিস প্রধানগণ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে স্মার্ট বাংলাদেশ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের উদ্যোগে অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা’ বিষয়ক এক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের ইনোভেশন অফিসার পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামের কনসালটেন্ট (ডেপুটি সেক্রেটারি) এএইচএম মাহফুজুর রহমান।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক ও আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জিনিয়ার উৎসব রায়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
