ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান
কুড়িগ্রাম প্রতিনিধি:
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কুড়িগ্রামে পৌর এলাকায় নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। শনিবার দুপুরে এ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুকুরসহ এর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে কুড়িগ্রাম পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।
তিনি বলেন, আমরা যদি আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে সকলেই রক্ষা পাবে। এর আগে জেলা প্রশাসক কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে পৌঁছালে খুদে শিক্ষার্থীরা তাকে কাব স্যালুট ও করতালির মাধ্যমে স্বাগত জানায়।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও কুড়িগ্রাম পৌর প্রশাসক বিএম কুদরত ই খুদা, সদর উপজেলা নিবা’হী অফিসার মো. ইসমাইল হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার ও কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মোছা. জীবুন নাহার খানমসহ অন্যান্যরা।
