ডেঙ্গু প্রতিরোধে নাসিকের ওয়ার্ডভিত্তিক সুরক্ষা সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক হ্যান্ডস্প্রে মেশিন, হ্যান্ডমাইক ও মশকনিধন কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এই আয়োজনে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রীগুলো বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় কোনো রোগী যদি শনাক্ত হয় এবং মারা যায় সেই দায় দায়িত্ব আমাদের সবার। নাগরিকেরা আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি, তাহলে সিটি করপোরেশন এলাকায় কোনো ডেঙ্গু রোগী থাকার কথা না। হয়ত আমাদের মাঝে কিছু ফাঁকিবাজি আছে; আমরা সেটা আর করব না। এটা একটা মানবসেবা। আমাদের এই মানবসেবায় ব্রত হয়ে কাজ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, মেডিকেল অফিসার ডা. মোস্তফা আলীসহ ২৭টি ওয়ার্ডের সচিব, সুপারভাইজার ও মশা নিধন কর্মীরা।
