ডেঙ্গুজ্বরে এক দিনে মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুজ্বরে এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৯ জনে। এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। এদিকে ঘরে ঘরে শিশুরা জ্বরে আক্রান্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে সৃষ্টি হচ্ছে কিছুটা শঙ্কা।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯৯ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ১৭ জন ও বরিশালে ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৮১৯ জন। যাদের মধ্যে ৬৬ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ৯ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারানো ১০২ জনের মধ্যে ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights