ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৪০৮ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে- বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন; ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন; রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন; রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রোগী রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২১ হাজার ৭৯৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ৭ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২২০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights