ডেন্টাল ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডসহ পাঁচ দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
পেশাগত নিবন্ধন, কোর্সের নাম পরিবর্তন, উচ্চশিক্ষার সুযোগ পুনরায় চালু, সরকারি নিয়োগ ও নতুন পদ সৃষ্টি এবং অন্যান্য সমমানের ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডেন্টাল ডিপ্লোমাধারী শিক্ষার্থী ও পেশাজীবীরা।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।
সংগঠনের আহ্বায়ক তানভীর আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চূড়ান্তকৃত ওয়ার্কিং সার্কেলের আওতায় তৃণমূল পর্যায়ে দন্তসেবা দেওয়ার সুযোগ রয়েছে। তবে পেশাগত নিবন্ধন না থাকায় ডেন্টাল ডিপ্লোমাধারীরা বিভিন্ন পেশাগত প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন।
সংগঠনের মুখপাত্র তানজিনা ইয়াসমিন মারিয়া বলেন, দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট সংশ্লিষ্ট অধ্যক্ষদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
এ ছাড়া ১৬ আগস্ট ছাত্র-পেশাজীবী সমন্বয় সভা, ১৯ আগস্ট সংশ্লিষ্ট জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ‘র্যালি ফর রিকগনিশন’, ২৩ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
