ঢাকা–১৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নির্বাচনী সভা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা–১৩ আসনে এগারো দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ) মোহাম্মদপুরে একটি নির্বাচনী সভার আয়োজন করে। রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এগারো দলীয় ঐক্যের প্রার্থী আল্লামা মামুনুল হক। তিনি বলেন, দেশের পরিবর্তনের স্বার্থে রিকশা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার মতে, এই নির্বাচন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ইসলামের দাওয়াতে নারীদের দায়িত্ব ও অবদানের কথা তুলে ধরে আল্লামা মামুনুল হক বলেন, নারীরা নিজ নিজ অবস্থান থেকে রিকশা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নারী নেতাকর্মীদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর পশ্চিম জামায়াতের সভাপতি মাসুদুজ্জামান। তিনি দলীয় সর্বশক্তি দিয়ে রিকশা প্রতীকের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি প্রধান অতিথির হাতে প্রতীকীভাবে একটি রিকশা তুলে দেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর শাখা এবং বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
