ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই ভর্তি পরীক্ষা। এতে মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে ড. নিয়াজ আহমদ খান বলেন, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ১টি আসনের বিপরীতে ৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ফলে ৭৯ জনই ভর্তির সুযোগ পাবে না। তাদের মনে রাখতে হবে ভর্তির সুযোগ পাওয়াই জীবনের শেষ কথা নয়।

ভর্তি পরীক্ষার বিষয়ে সন্তানদের ওপর মানসিক চাপ সৃষ্টি না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে।

এছাড়া, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights