ঢাবি এলাকায় দুই নবজাতক ও অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথক স্থান থেকে দুই নবজাতক ও এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একুশে হলের আনোয়ার পাশা ভবনের সামনের গলির ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। অন্যদিকে, শনিবার সকালে কার্জন হলসংলগ্ন যাত্রী ছাউনি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশিদ জানান, শুক্রবার ১১টার দিকে আনন্দবাজার একুশে হলের আনোয়ার পাশা ভবনের সামনের একটি গলির ফুটপাত থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করি। নবজাতকেরা ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে দুইটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের লাশগুলো কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অন্যদিকে, অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আজকে (শনিবার) সকাল দশটার দিকে শাহবাগ থানা পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। তিনি ভবঘুরে হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, আমরা সকাল সাড়ে নয়টার দিকে বিষয়টি জানতে পেরেছি। পরে পুলিশকে জানানো হলে তারা লাশ উদ্ধার করেছেন। এখন তারা এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights