ঢাবিতে কাল শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর অনুষ্ঠিত হবে উৎসবের ২৩তম আসর।

পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। এ বছর প্রতিদিন প্রদর্শিত হবে চারটি সিনেমা। এগুলো দেখা যাবে সকাল ১০টা, বেলা ১টা ও বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায়। টিকিটের মূল্য ৫০ টাকা।

ঢাবি চলচ্চিত্র সংসদ জানিয়েছে, ‘পলাশের রক্তিম আভায় সেজেছে এবারের আয়োজন’। বসন্তের উজ্জ্বলতা আর বাঙালির সংগ্রামী ইতিহাসের মিশেলে এবারের উৎসবটি হবে আরও অর্থবহ। মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই থেকে শুরু করে মুক্তিসংগ্রামের ইতিহাসের অনুপ্রেরণা নিয়ে চলচ্চিত্র সংসদ গড়ে তুলেছে অনন্য আয়োজন।

উৎসবে নির্বাচিত ছবিগুলোর তালিকা গত বুধবার প্রকাশ করা হয়েছে। উৎসবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’, নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ ও রায়হান রাফীর ‘তুফান’ দেখানো হবে।

উৎসবে আরও দেখানো হবে ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’, আমজাদ হোসেনের ‘ভাত দে’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’, কাজী হায়াতের ‘আম্মাজান’, আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, সালাউদ্দিন লাভলুর মোল্লাবাড়ির বউ’, আবদুল আহাদ তানভীরের ‘বাতাসের ফেনা’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights