ঢাবিতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইস উদ্বোধন

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকতা চর্চা নিশ্চিত হবে। প্রযুক্তি ও জ্ঞানের সমন্বয় যারা ঘটাতে পারবে তারাই ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বিভাগের উন্নয়ন তহবিলে এক লাখ টাকার একটি চেক ও লাইব্রেরিতে তার লেখা দুটি বই হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights