ঢাবির আবাসিক কোয়ার্টার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফুলার রোডের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত আবাসিক কোয়ার্টার থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক মোশারফ হোসেনের মেয়ে।

আজ রবিবার ভোরে দক্ষিণ ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম আদ্রিতা বিনতে মোশারফ (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। বাবা-মায়ের সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন আদ্রিতা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর গ্রামে।
পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতের বাবা থানায় যে স্টেটমেন্ট দিয়েছেন সেটি হলো তার মেয়ের লাশ তারা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন। রাত সাড়ে ৪টায় সেহেরি খাওয়ার সময় তারা দরজা ধাক্কা দেন। কিন্তু দরজা না খুললে তা ভেঙে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান জানান, খবর পেয়ে ভোরে ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ওই বাসায় গিয়ে দেখি বিছানায় শায়িত অবস্থায় রয়েছেন ওই শিক্ষার্থী। তখন তার পরিবারের কাছ থেকে জানা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights