ঢাবির উপাচার্য পদে যোগদান অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, যার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যুক্ত হলো নতুন প্রত্যাশা ও পরিকল্পনা।

মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে তিনি উপাচার্য হিসেবে যোগদান করেন। এসময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক প্রো উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ফার্মেসী অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

যোগদানের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করাই হবে তার প্রথম লক্ষ্য।

তিনি আরও বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নতুন উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যে কার্যক্রম ইতোমধ্যে নেওয়া হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখা হবে। সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার ১৬ মার্চ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ এর ২ ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights