ঢামেকে অস্ত্রোপচারের পর আলাদা হলো যমজ শিশু শিফা-রিফা

অনলাইন ডেস্ক
বরগুনার বেতাগী উপজেলার বুক-পেট জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া যমজ শিফা ও রিফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আলাদা করা হয়েছে। শিফা ও রিফা বেতাগীর কাজিরাবাদ এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার (২৫) ও বাদশা মিয়া (৩০) দম্পতির সন্তান। গত বছরের ৭ জুন তাদের জন্ম হয়।

এরপর গত ৭ সেপ্টেম্বর ৮২ জন চিকিৎসকের উপস্থিতিতে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়। অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ইউনিট-৪ এর প্রধান অধ্যাপক ডা. সাহানূর ইসলাম।

রবিবার (২২ সেপ্টেম্বর) ডা. সাহানুর ইসলাম বলেন, অস্ত্রোপচারের পর বর্তমানে রিফা সুস্থ হয়ে উঠেছে, তবে শিফার রক্তে সংক্রমণ রয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। দুই শিশুকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে তাদের স্বাস্থ্যের উন্নতি মনিটর করা যায়। অস্ত্রোপচার চলাকালে চিকিৎসকদের মধ্যে সহযোগিতার এক বিশেষ নজির তৈরি হয়।
বেশ কয়েক বছর আগে গাইবান্ধার জোড়া শিশু তোফা ও তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। সেই অস্ত্রোপচারেরও নেতৃত্বে ছিলেন ডা. সাহানুর ইসলাম। তিনি জানান, তোফা-তহুরার বয়স এখন সাত বছর। তারা এখনো ফলোআপে হাসপাতালে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights