‘তরকারী নষ্ট হওয়ায়’ স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাট্টলি এলাকায় স্বামীর নির্যাতনে হুসনারা বেগম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হুসনারার একমাত্র সন্তান মাত্র ৮ মাস বয়সী। এ ঘটনায় স্বামী মো. এমরানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রান্না করা তরকারী নষ্ট হওয়া নিয়ে হুসনারার ও তার স্বামীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর এমরান স্ত্রীকে মারধর করেন। বুধবার বিকালে আহত অবস্থায় হুসনারাকে স্থানীয় আজিজনগর এলাকায় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “পিটিয়ে আহত করার পরদিন হুসনারা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। মৃতদেহের মাথার দুপাশে ফুলা জখম রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights