তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, কুষ্টিয়ায় দুইজন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মো. রাফি (১৮) নামের এক তরুণকে পাঁচদিন আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন–কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (২২) এবং সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো. রাফি সম্প্রতি কুমারখালীতে ফকির লালন শাহের আখড়াবাড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন। গত ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় যুবক রাব্বি হোসেন তার কয়েকজন সহযোগীকে নিয়ে রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এরপর কুমারখালী কলেজ মোড় এলাকার একটি ভাড়া দোকানঘরে রাফিকে চারদিন আটকে রেখে তার পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাফিকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলাকালে সদকী বাজারে স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে জনতা রাফিসহ রাব্বি ও রাজুকে ধরে পুলিশে সোপর্দ করে।

ঘটনার পর রাত ১২টার পর রাফি নিজেই বাদী হয়ে কুমারখালী থানায় রাব্বিকে প্রধান আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ রাব্বি ও রাজুকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠায়।

মামলার বাদী রাফি বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুলনা থেকে কুমারখালীতে ঘুরতে এসে রাফি চাঁদাবাজদের কবলে পড়ে। তাকে একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন করে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights