তারিক সিদ্দিকীর দুই সহযোগী আবারও ৩ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানায় হওয়া একটি হত্যা মামলায় পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এই নিয়ে তিন দফায় দুই আসামিকে রিমান্ডে পাঠানো হলো।
মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত।
রিমান্ডে যাওয়ারা হলেন, তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম।
চারদিনের রিমান্ড শেষে আজ আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আবারও পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ এপ্রিল ঠাকুরগাঁও জেলার ইসলামবাগ এলাকা থেকে মহিদুলকে ও রাজধানীর ভাষাণটেক এলাকা থেকে চানকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের আদালতে তোলা হলে চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৪ এপ্রিল তাদের দ্বিতীয় দফায় আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ চালানো হয়। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। তদন্তে বলা হয়েছে, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় সক্রিয় ভূমিকা পালন করেন।
