তারুণ্যের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নিপুণ রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

পিঠা উৎসব বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা শুধু খাবার নয়; এটি বাঙালির সামাজিক বন্ধন, পারিবারিক মিলন ও সংস্কৃতির প্রতীক।

শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসবের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, শীত এলেই গ্রামবাংলায় পিঠা-পুলির উৎসব শুরু হয়। নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চললেও আমাদের শিকড় ও ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। তারুণ্যের নেতৃত্বেই ফ্যাসিবাদের পতন হয়েছে। তারুণ্যের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি তরুণদের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে দেওয়ার আহ্বান জানান।

উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। এর মধ্যে দুধ চিতই, রস মঞ্জুরি পিঠা, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, নারকেল নাড়ু, পাটিসাপটা, বাঁশবোঁশা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারকেল পিঠা ও নোনাস পিঠাসহ নানা ধরনের পিঠা স্থান পায়।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতির চর্চা বাড়াতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বিকেলে নারী, শিশু ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ ভরে ওঠবে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে পিঠার স্বাদ উপভোগ করেন।

এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিবছর এ ধরনের পিঠা উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানান আয়োজকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights