তারের জঞ্জাল অপসারণ শুরু করবে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের তারের জঞ্জাল অপসারণ শুরু করবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। প্রাথমিকভাবে নগরীর তিন ওয়ার্ডে পাইলট প্রকল্প শুরু করা হচ্ছে। সোমবার চসিক কার্যালয়ে ডিশ-ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনসহ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ২১ নভেম্বর একই বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিষ্টেম ব্যবহার করে ডিস ও ইন্টারনেট ক্যাবল সঞ্চালনের বিষয়ে আমরা একমত। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসাবে প্রাথমিকভাবে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে লালখান বাজার, বাগমনিরাম এবং জামালখান ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এই প্রকল্প সফল হলে পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডসমূহে এই কার্যক্রম প্রসারিত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, পরিবশে উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য কাউন্সিলর রূমকি সেনগুপ্ত, পরিবেশ উন্ন্য়ন স্থায়ী কমিটির সদস্য সচিব ও চসিকের সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সহকারী নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights