তালাকের ৩ দিন পরই সাবেক স্বামীর কাণ্ড, কুপিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় বাড়িতে ঢুকে সাবেক স্ত্রীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়। ঘটনার পর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সায়নকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা খাতুন এবং তাঁদের মেয়ে স্মৃতি আক্তার। হামলায় স্মৃতি আক্তারের ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে স্মৃতি আক্তার সায়নকে তালাক দেন। এরপর বুধবার রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে স্মৃতি আক্তারের ওপর হামলা চালিয়ে তাঁর ডান হাত বিচ্ছিন্ন করে দেন। স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তাঁর বাবা-মা ছুটে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে সেলিম হোসেন ও রেবেকা খাতুন গুরুতর আহত হন। পরে সায়ন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
