তালাবদ্ধ কক্ষে গৃহবধূর লাশ, পাশে কাঁদছিল মেয়ে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে তালাবদ্ধ কক্ষ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। শুক্রবার বিকেলে নিহতের লাশ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন নীলনগরের আমবাগ দক্ষিণপাড়া এলাকার বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম-কল্পনা রাণী বর্মণ (২৬)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার ইন্দ্রপুর এলাকার আনজু বর্মণের স্ত্রী এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার কৈলাহাটি এলাকার দীনেশ চন্দ্র বর্মনের মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন নীলনগরের আমবাগ দক্ষিণপাড়া এলাকায় স্বপরিবারে ভাড়া বাসায় থাকেন কল্পনা রাণী বর্মণের বাবা দীনেশ চন্দ্র বর্মণ। কল্পনার বাবা এলাকায় মাছের ব্যবসা এবং মা স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন। বছর খানেক আগে কল্পনার দ্বিতীয় বিয়ে হওয়ায় প্রথম সংসারের মেয়ে জুঁই (৮) বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে থাকে। গত কয়েকদিন আগে স্বামীকে নিয়ে বাবার বাসায় বেড়াতে আসেন কল্পনা রাণী বর্মণ। শুক্রবার সকালে স্বামী ও ঘুমন্ত মেয়েসহ কল্পনাকে বাসায় রেখে তার বাবা-মা নিজেদের কর্মস্থলে চলে যান। দুপুরে কল্পনার বাবা বাসায় ফিরে ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ দেখেন। তিনি ডাকাডাকি করেও মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন এবং খাটের উপর কল্পনার লাশ দেখতে পান। এসময় মায়ের লাশের পাশে বসে জুঁই কান্না করছিল।
তিনি আরো জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়েছে নিহতের স্বামী আনজু বর্মণ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights