তিন মাসে স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার

অনলাইন ডেস্ক

আগামী ৩ মাসের মধ্যে স্বাস্থ্য খাতে ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার দুপুরে সিলেটে নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসক, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার ডাক্তারসহ স্বাস্থ্য খাতে মোট ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশ নারী বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিংয়ে-সংশ্লিষ্ট জনবল নিয়োগ দেওয়া হবে।

নানা সংকটের মধ্যেও চিকিৎসকরা সেবা চালিয়ে যাচ্ছেন বলে প্রশংসা করে তিনি বলেন, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা দেশের সম্পদ। ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষা আইন, আনসার ক্যাম্প-পুলিশ ক্যাম্প বৃদ্ধি করতে যাচ্ছে সরকার।

এর আগে সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে।

তিনি জানান, সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত ২৫টি হাসপাতাল পরিদর্শন করেছেন, সবখানেই ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করেছেন। গত ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights